সংলাপ চাইলে শর্ত মানুন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৫২
উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন এক বিবৃতিতে বলেছে, পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া বন্ধ হলেই আলোচনায় বসবে তারা। উত্তরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করেছে। কিন্তু উত্তর কোরিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চো থাই ইয়ং উত্তর কোরিয়ার এ দাবিকে অকল্পনীয় মন্তব্য করে বলেছেন তাদের এ দাবি মানা অসম্ভব। আলোচনায় বসতে হলে উত্তর কোরিয়কে তাদের এই দাবি থেকে সরে এসে বিচক্ষণ এবং বিকল্প সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। গত ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর শাস্তিস্বরূপ জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া বরাবরই এর অবসান না ঘটলে দেশ দু’টিতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। জাপান এবং প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটিগুলোতেও উত্তর কোরিয়া হামলার হুমকি দিয়েছে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কমিশনের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া প্রকৃতই আলোচনা চাইলে তাদেরকে অবশ্যই শর্ত মেনে নিতে হবে। প্রথমেই তাদেরকে তুলে নিতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা, উদ্ভট সব যুক্তিতে যা আরোপ করা হয়েছে। আর দ্বিতীয়ত, গোটা বিশ্বকে বলে দিতে হবে যে, আমাদের দেশকে হুমকির মুখে রেখে আপনারা কোনোরকম পারমাণবিক যুদ্ধের মহড়ায় লিপ্ত হবেন না। সংলাপ আর যুদ্ধ যুদ্ধ খেলা একসঙ্গে চলতে পারে না। বলা হয় বিবৃতিতে।