বিশেষ কর ছাড় সুবিধা দিয়েই রামপাল বিদ্যুত্ কেন্দ স্থাপনে বাংলাদেশ-ভারত চুক্তি হতে যাচ্ছে আজ। ভারতের সঙ্গে মোট তিনটি চুক্তি হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ বিদ্যুত্ কেন্দ্রের বোর্ড সভায় চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হয়। ভারতের প্রায় সকল শর্ত মেনেই এই কেন্দ স্থাপনের চুক্তি করা হচ্ছে। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) বিদ্যুত্ কেন্দ থেকে যে লাভ করবে তার জন্য কোনো কর দেবে না। প্রচলিত নিয়মে বিদেশি কোম্পানি এ ধরনের কর দিয়ে থাকে। কর অবকাশের এই সুবিধা ভারত দীর্ঘ মেয়াদে চাইলেও ১০ বছরের জন্য দেয়া হয়েছে। অন্যদিকে কোনো কারণে ভারতের সঙ্গে নির্দিষ্ট সময়ের আগে চুক্তি বাতিল হলে তাদের সব শেয়ার বাংলাদেশ কিনে নেবে। সম্প্রতি বাংলাদেশ পক্ষ এই দুই বিষয়ে সম্মতি জানানোর পর ভারতীয় পক্ষ চুক্তি স্বাক্ষরের পদক্ষেপ নেয়। বিদ্যুত্ বিভাগ জানায়, শনিবার সন্ধ্যায় রাজধানীর বিদ্যুত্ ভবনে চুক্তিটি স্বাক্ষরিত হবে। প্রস্তাবিত চুক্তি তিনটি হলো- বিদ্যুত্ ক্রয় চুক্তি, বিদ্যুত্ কেন্দ্র বাস্তবায়ন চুক্তি এবং সম্পূরক যৌথ উদ্যোগ চুক্তি।
