পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু বলেছেন, দলবাজি না করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করুন। আমরা দলবাজি পছন্দ করি না। শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের মুখোশের আড়ালে হেফাজতে ইসলামী নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতিগ্রস্ত সন্তানদের রক্ষার জন্য যে কোন মূল্যে ক্ষমতায় যাবার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তারা সবাই মিলে দেশে এক ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু করেছে। এদের প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে। সাধারণ মানুষের জন্য শান্তি এবং দেশের জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। আমরা খাদ্য ও বিদ্যুত্ খাতে উন্নতি করেছি। দুর্নীতিগ্রস্তদের বিচারের মুখোমুখি করেছি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি। এখন যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের প্রতিরোধ করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। নতুন এই যুদ্ধে আমাদের বিজয় লাভ করতে হবে। বাগেরহাটের জেলা প্রশাসক মো : শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির এই বিশেষ সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের এমপি ্অ্যাড. মীর শওকাত আলী, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান ও বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, অ্যাড. শাহ ই আলম বাচ্চু প্রমুখ।
