দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে :এম কে আনোয়ার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৪৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, দেশের বিভিন্ন স্থানে গণপ্রতিরোধ গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন । এজন্য দলীয় নেতা-কর্মীদের সোচ্চার হতে বলছেন। তিনি বলেন, শুধু বক্তব্য নয়, এবার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের পতন ঘটানো হবে। কারাবন্দি নেতাদের মুক্ত করা হবে। এবার হবে মুক্তির সংগ্রাম যা দেশের জনগণ ইতিমধ্যে শুরু করেছে। যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে। এমকে আনোয়ার সরকারকে উদ্দেশ করে বলেন, ফটিকছড়ি, সাতক্ষীরা, পাবনা, বগুড়ার মতো ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে, সেজন্য অবিলম্বে নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করে নির্বাচন দিন। জনগণের মতামতের বিরুদ্ধে জোর করে এই সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী জঙ্গলের আইনের চেয়েও খারাপ। তিনি বলেন,পদ্মাসেতু দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পরও আবুল হোসেনকে বাঁচানোর চেষ্টা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বলেছিল, তারা কোনো দুর্নীতি দেখছে না।এখন দুর্নীতির অভিযোগে কানাডীয় এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য বিশ্ব ব্যাংক নিষিদ্ধ করেছে। সরকার এখন কী বলবে? মানববন্ধনের সমন্বয়কারী হাজী আবুল হাশেমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মীর নেওয়াজ আলী, ফারুক আহমেদ, আলী আকবর হায়দার চুন্নু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ।