টাইম ম্যাগাজিনের একশ প্রভাবশালীর তালিকায় মালালা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৪৪
পাকিস্তানের শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের একশ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছে। অষ্টমবার এই তালিকায় স্থান পেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তার স্ত্রী মিশেল ওবামাও আছেন তালিকায়। এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, পোপ ফ্রান্সিস, ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন আছেন শীর্ষ প্রভাবশালীর মধ্যে। টাইম ম্যাগাজিন বিশ্বজুড়ে শিল্পসংস্কৃতি, ব্যবসা ও রাজনৈতিক অঙ্গনে যারা সাড়া জাগিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী একশজনের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় আরো আছেন হলিউডের চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ, অস্কারজয়ী অভিনেতা ড্যানিয়েল ডে লুইস, মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। এদিকে নারী শিক্ষায় ভূমিকা রাখার জন্য তালেবান হামলার শিকার কিশোরী মালালা ইউসুফজাই তার ১৬তম জন্মদিনে নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেবে। জনসম্মুখে এটি হবে তার প্রথম ভাষণ। শুক্রবার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের দপ্তর থেকে একথা জানানো হয়। আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক জাতিসংঘ বিশেষ দূত ব্রাউন বলেন, মালালা আগামী ১২ জুলাই জাতিসংঘে ভাষণ দেবে। গত বছরের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় একটি স্কুল বাসে যাওয়ার সময় এক তালেবান বন্দুকধারী মালালাকে খুব কাছ থেকে গুলি করে। হামলায় তার মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় অস্ত্রোপচারের জন্য তাকে ব্রিটেনে নেয়া হয়। সেখানে সে ভালমতো সেরে ওঠার পর গত মাসে ইংল্যান্ডের কেন্দ্রস্থলে বার্মিংহামের স্কুলে ফের পড়াশোনা শুরু করে। ব্রাউন বলেন, মালালা হচ্ছে বিশ্বব্যাপী নারী শিক্ষার প্রকৃত অনুপ্রেরণার প্রতীক। আমি তার সাহসিকতার তারিফ করি। এ ব্যাপারে আমি নিশ্চিত যে, সকল মেয়ে ও সকল ছেলেকে স্কুলে নেয়ার প্রচারণায় সে নেতৃত্ব দিতে পারবে। মালালা মেয়েদের শিক্ষার অধিকারের প্রচারণায় বিশ্বে প্রতীকে পরিণত হয়েছে।