প্রধানমন্ত্রী কুমিল্লায় যাচ্ছেন আজ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৪৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার কুমিল্ল¬ায় আসছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম কুমিল্লা সফর। তার এ সফর উপলক্ষে কুমিল্লা সেজেছে নতুন সাজে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো মহানগর ও মুরাদনগরের শ্রীকাইল-মকলিশপুর এলাকা। প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী ও আশপাশের এলাকা। প্রধানমন্ত্রী প্রথমে হেলিকপ্টার-যোগে কুমিল্লার মুরাদনগরের মকলিশপুর এলাকায় স্থাপিত হেলিপ্যাডে নেমে শ্রীকাইল গ্যাস ফিল্ডের গ্যাস কূপ খনন ও ১ দশমিক ৫ কিলোমিটার আন্তঃসংযোগ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করবেন। নগরীর ধর্মসাগরের উত্তর পাড়ে নবনির্মিত নজরুল ইনস্টিটিউট ভবনের উদ্বোধন ছাড়াও জেলার বিভিন্ন এলাকার আরো ২৪টি প্রকল্প কাজের প্রতীকী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে টাউন হল ময়দান জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেনপ্রধানমন্ত্রী। জনসভায় কুমিল্লার উন্নয়নে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগ, চাকরিক্ষেত্রে কুমিল্লার কোটাপ্রথা বাতিল, ঢাকা-কুমিল্লা রেল লাইন নির্মাণসহ ১০টি দাবি উত্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে। গতকাল শুক্রবার রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব এমপি জানান, কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এটাই হবে স্মরণকালের সবচে বড় জনসভা এবং এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, স্থানীয় প্রশাসন দিন-রাত পরিশ্রম করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।