হারারে টেস্ট

বোলারদের দিনে হতাশার ব্যাটিং বাংলাদেশের

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৪৮
হারারের উইকেট প্রথম দিনে পেসারদের একটু সহায়তা করার ইতিহাস আছে। কিন্তু চলতি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের প্রথম দুদিনে তেমন কিছু দেখা গেল না। একেবারে বিচিত্রভাবে কাল টেস্টের তৃতীয় দিনে জ্বলে উঠলেন দুই দলের পেসাররা। একদিকে জিম্বাবুইয়ান পেসারদের তাণ্ডবে প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে আরেকটি লজ্জায় পড়ে গেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের রবিউল ইসলাম ৬ উইকেট নিয়ে কিছুটা হলেও খেলায় ফিরে এসেছিলো বাংলাদেশ। গতকাল খেলার তৃতীয় দিনের শেষ সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৪৫ রান; জিম্বাবুয়ে ঠিক ৪০০ রানে এগিয়ে। বাংলাদেশ কাল ১ উইকেটে ৯৫ রান নিয়ে দিন শুরু করেছিল। এরপর ১০২ রান পর্যন্তও গেল তারা ওই ১ উইকেটে। কিন্তু পরের ৩২ রানেই এক ভয়াবহ ঝড়ে সব ওলটপালট হয়ে গেল। ৩২ রানে ৯ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ! এর মধ্যে ১৩৪ রানে পৌঁছানোর পর একই স্কোরে দাঁড়িয়ে শেষ ৫ উইকেট হারালো মুশফিকুর রহিমের দল। জিম্বাবুয়ের হয়ে কাইল জার্ভিস ও সিংহি মাসাকাদজা ৪টি করে উইকেট নিয়ে এই তাণ্ডব চালালেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই এই ভয়ানক অবস্থার মুখোমুখি হল জিম্বাবুয়ে। রবিউল নিজের পরপর তিন ওভারে জিম্বাবুয়ের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে তুলে নিলেন। নিজের প্রথম ৫ ওভারে নিলেন ৪ উইকেট এবং পরের স্পেলে এসে এক ওভারে পরপর দু’বলে দু’উইকেট নিয়ে হ্যাটট্রিক সম্ভাবনাও তৈরি করেছিলেন। তারই বোলিংয়ের সুবাদে ২৭ রানে ৪ উইকেট ও ৮৪ রানে ৬ উইকেটে পরিণত হয়েছিল জিম্বাবুয়ে।