গ্রিসের একটি স্ট্রবেরি খামারে বাংলাদেশি কর্মীদের উপর গুলিবর্ষণকারী আরো তিন ফোরম্যানকে আটক করেছে দেশটির পুলিশ। গতকাল শুক্রবার এই তিন ফোরম্যানকে আটক করা হয় বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে, আহত শ্রমিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির একজন মন্ত্রী।
গ্রিস পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মানোলাদা গ্রামের কাছে আমালাইদার দক্ষিণ শহর থেকে এই তিন ফোরম্যানকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এর আগে ঐ খামারের মালিক ও এক সুপারভাইজারকে আটক করেছিল পুলিশ। এ ঘটনায় দেশটির সরকার, রাজনৈতিক দল,শ্রমিক ইউনিয়নগুলো তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পাবলিক অর্ডার মিনিস্টার নিকস ডেন্ডিস বলেন, আহত বাংলাদেশিদের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত কাউকে আটক করা হয়নি এবং তাদের নিজ দেশে ফেরতও পাঠানো হচ্ছে না।
এর আগে গত বুধবার পশ্চিম গ্রিসে এথেন্স থেকে ২৬০ কিলোমিটার দূরে নিয়া মানোলাদা এলাকায় পেলোপন্নেসিয়ান গ্রামের একটি খামারে ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে প্রায় দুইশ’ শ্রমিক জড়ো হলে কয়েকজন সুপারভাইজার তাদের উপর গুলি চালায়। এতে ২৮ বাংলাদেশি শ্রমিক আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। গুলির ঘটনায় আহত সকল শ্রমিক সংকটমুক্ত বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গ্রিসের ঐ এলাকায় হাজার হাজার অভিবাসী কর্মী কাজ করেন। এখানে অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা আগেও ঘটেছে। এখানকার খামারে অমানবিক কাজের পরিস্থিতির প্রতিবাদে ২০০৮ সালে শ্রমিকরা হরতাল করে। এছাড়া মানোলাদায় উত্পাদিত স্ট্রবেরি বর্জনের জন্য সামাজিক যোগাযোগ সাইটগুলোর মাধ্যমে প্রচারাভিযান শুরু হয়েছে। ঐসব খামারের স্ট্রবেরিকে ‘রক্তাক্ত স্ট্রবেরি’ বলে আখ্যা দেয়া হচ্ছে। অন্যদিকে ইউরোপের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে গ্রিসে বিশেষ করে নব্যনাত্সী গোল্ডেন ডন পার্টির হাতে অভিবাসীদের হয়রানি ও নির্যাতনের কথা উঠে এসেছে।
