বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান তিন মিনিটেই সম্ভব

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৫৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে থিসিস লিখে তিন বছরের পিএইচডি রিসার্চের দরকার নেই। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে তিন মিনিটেই এ সমস্যা সমাধান সম্ভব। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন আয়োজিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সানজানা চৈতির সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের নেতা গোলাম মোস্তফা সোহাগ, সানাউল আলম খান, মিজানুর রহমান দুলু ও মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা বক্তব্য রাখেন। মঈন খান আরো বলেন,সরকার নতুন প্রজন্মকে রাজনীতির মাঠের ফুটবল বানিয়েছেন। তাদের সে ফুটবল খেলা ব্যর্থ হয়েছে। সরকার গত চার বছরে যেখানে হাত দিয়েছে সেখানেই ব্যর্থতার পরিচয় দিয়ে বলে অভিযোগ করে তিনি বলেন, এ সরকার অর্থনীতি, সুশাসন, আইন-শৃংখলা পরিস্থিতি কোনোটারই উন্নয়ন ঘটাতে পারেনি। যেখানে হাত দিয়েছে তা ধ্বংস করে দিয়েছে। এ সরকার স্বৈরাচারী বলে তিনি অভিযোগ করেন।