একে একে বিবাহিত জীবনের ষষ্ঠতম বিবাহবার্ষিকী পার করলেন অ্যাশ-অভিষেক দম্পতি। ২০০৭ সালের ১৪ জানুয়ারি তাদের বাগদান হয় এবং একই বছরের ২০ এপ্রিল তাদের বিয়েও সম্পন্ন হয়। তারপর থেকেই এই তারকা দম্পতির জীবন কাটছে সুখেই। ২০১১ সালের নভেম্বরে তাদের সংসারে আসে আরাধ্য নামের এক কন্যা সন্তান। তারপর থেকে অ্যাশ আরও বেশি সংসারী হয়ে পড়েন। অভিষেক বলেন, ‘ঐশ্বরিয়াকে আমি প্রথমবার দেখি ১৯৯৭ সালের আগস্টে। তখন আমার বাবার ফিল্ম ‘মৃত্যুদাতা’র শুটিং চলছিল সুইজারল্যান্ডে এবং অ্যাশ তার প্রথম বলিউডের চলচ্চিত্র ‘অর পেয়ার হু গায়া’র শুটিং করছিলেন আমার বন্ধু ববি দেওলের সঙ্গে। আমার এখনও মনে আছে, ববি আমাকে নিমন্ত্রণ জানায় এক সন্ধ্যায় ডিনারের জন্য। সেই ডিনারে ববি, অ্যাশ ও তার ফিল্মের পুরো ইউনিট ছিল। সেটাই ছিল যখন আমি প্রথমবার ঐশ্বরিয়াকে দেখি।’
