এ দেশের অন্যতম জনপ্রিয় পপ তারকা তিশমা তার সর্বশেষ অ্যালবাম ‘এক্সপেরিমেন্ট’ প্রকাশের পর মিডিয়াতে অনেকটা নীরব হয়ে গিয়েছেন। আর এই নিরবতা পালনের ব্যাখ্যা জানতে চাইলে তিশমা বলেন, ‘আসলে নীরব না, আমি আমার নতুন অ্যালবামের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে মিডিয়া পাড়ায় উঁকি মারার সময়টুকু পাইনি। নতুন অ্যালবাম নিয়ে প্রচণ্ড ব্যস্ত এখন আমি।’ নিজের নতুন অ্যালবাম ‘রকস্টার’ সম্পর্কে তিশমা বলেন, ‘ইচ্ছে ছিল এই পহেলা বৈশাখে অ্যালবামটি রিলিজ দেওয়ার। কিন্তু দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে অ্যালবামটি বাজারে প্রকাশ করতে চাচ্ছি না। আগামী বছরের শুরুর দিকে অ্যালবামটি বাজারে ছাড়ব।’
এই অ্যালবাম প্রসঙ্গে তিশমা আরও বলেন, ‘এই অ্যালবামের পেছনে সময় একটু বেশি যাওয়ার প্রধান কারণ হচ্ছে সবকটি গানের সুর ও সংগীত আমি নিজেই করছি। এমনকি কিছু গান আমার নিজেরই লেখা। তাই প্রতিটি গানের পেছনে নিয়মিত কাজ করছি। যতক্ষণ না নিজের মন ভরছে ততক্ষণ কোনো গানকে ক্ষান্ত দিচ্ছি না, নিজেও শান্ত হচ্ছি না। এটি আমার ১১তম অ্যালবাম। ১০টি গান নিয়েই অ্যালবামটি তৈরি করছি। সবকটি গান নিয়েই আপাতত প্রস্তুত আমি। তবে যেহেতু এখন আর রিলিজ দিচ্ছি না, তাই প্রতিটি গানের উপর আবার একটু পরীক্ষা-নিরীক্ষা চালাবো। রক, হার্ড রক, মেলোডি ও সফট এই সব ঘরানা মিলিয়েই অ্যালবামটি হচ্ছে।’
