স্কুল ব্যাংকিং-এর জন্য সম্মাননা পেল ৫ ব্যাংক

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
স্কুল ব্যাংকিং-এ সেরা অবদান রাখার জন্য পাঁচ ব্যাংককে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক অন্তর্ভুক্তিতে সাড়া দিয়ে স্কুল শিক্ষার্থীদের (১৮ বছরের নিচে) ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সহযোগিতার স্বীকৃতিস্বরূপ তাদের এ পুরস্কার দেয়া হয়েছে। গতকাল শনিবার দেশের প্রথম স্কুল ব্যাংকিং সম্মেলনে এ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গভর্নর ড. আতিউর রহমান। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সেরা স্কুল ব্যাংকিং ব্যাংক হিসেবে সম্মাননা পেয়েছে। জানা গেছে, দেশে ২০১০ সালে প্রথম স্কুল ব্যাংকিং চালুর নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকে গত আড়াই বছরে দেশের ব্যাংকগুলোতে মোট ১ লাখ ৮৭ হাজার ব্যাংক হিসাব খোলে স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত এ ব্যাংক হিসাবগুলোতে ১০০ কোটি ১৪ লাখ টাকা জমা রয়েছে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশে স্কুল ব্যাংকিংয়ের মতো সৃজনশীল কর্মসূচি চালুর ফলে অল্প বয়স থেকেই শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়ছে। এই সঞ্চয়ই ভবিষ্যতে বিনিয়োগে কাজে লাগবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে ঢাকার বাইরেও বিভাগীয় পর্যায়ে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হবে। পরবর্তী সম্মেলনটি উত্তরবঙ্গের কোন একটি স্থানে হবে বলেও ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রমের মধ্যে নিয়ে আসার এ উদ্যোগ আসলেই প্রশংসার দাবি রাখে। এর মধ্য দিয়ে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে উঠছে যা আমাদের ভবিষ্যত্ অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বক্তৃতা করেন।