হেলিকপ্টার ও ভারি অস্ত্রশস্ত্র নিয়ে দিনভর অভিযানের পর বোস্টন ম্যারাথনে বোমা হামলায় সন্দেহভাজন অপর এক তরুণকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওয়াটারডাউনের একটি বাড়ির পেছনের নৌকায় লুকানো অবস্থায় তাকে পাওয়া গেছে। উদ্ধারের সময় তিনি রক্তাক্ত অবস্থায় ছিল বলেও জানিয়েছে পুলিশ। বোস্টন পুলিশ বলেছে, ১৯ বছর বয়সী জোখার জারনায়েভ তার বড় ভাই তামেরলান জারনায়েভের (২৬) সঙ্গে ঐ হামলায় অংশ নেন। তাদেরকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হন তামেরলান। তবে জোখার পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শুক্রবার রাতে তাকেও আটক করে পুলিশ। পুলিশ বিভাগ এক টুইটে জানিয়েছে, আটক জোখারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চালানো হয়েছে। হামলাকারীকে ধরতে এই অভিযানে পুলিশ ছাড়াও অংশ নেন কয়েক হাজার সোয়াট সদস্য। বোস্টনে জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। ফলে পুরো শহর কার্যত অচল হয়ে পড়ে।
গত সোমবার বোস্টনে দৌড় প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে ঐ বোমা হামলায় তিন জন নিহত হন, আহত হন অন্তত ১৭৬ জন, যাদের বেশ কয়েকজন এখনো হাসপাতালে। যুক্তরাষ্ট্রের পুলিশের ধারণা, জোখার ও তামেরলান এক চেচেন পরিবারের সন্তান, যারা ২০০১ সালে রাশিয়ার দাগেস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় নেয়। এই পরিবারটি থাকত ম্যাসাচুসেটসের কেমব্রিজে। কলেজ ছাত্র জোখার উচ্চতর ডিগ্রি নেয়ার জন্য একটি বৃত্তিও পেয়েছিলেন। আর তার বড় ভাই তামেরলান ছিলেন একজন শখের বক্সার। একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রশিক্ষণের কথা বলে কলেজ থেকে ছুটিতে ছিলেন তিনি।
