ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন মাদুরো

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২০:৫৯
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রয়াত নেতা উগো চ্যাবেস মনোনীত উত্তরাধিকারী নিকোলা মাদুরো। চ্যাবেজের মৃত্যুর পর থেকে তিনি দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার মাদুরোর শপথ গ্রহণের সময় প্রতিবেশী ব্রাজিলসহ অধিকাংশ মিত্র দেশগুলোর নেতারা উপস্থিত ছিলেন। সমাজতান্ত্রিক নেতা চ্যাবেসের ফ্রেমে বাঁধানো একটি বিশাল ছবি পাশে নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। “আমি শপথ করছি, আমাদের জাতির পিতাদের দেখানো পথ ধরে, আমাদের সর্বোচ্চ কমান্ডারের স্মৃতিকে স্মারক করে, আমি এই সংবিধানকে ঊর্ধ্বে তুলে রাখাবো,” বলেন মাদুরো। প্রেসিডেন্ট হিসেবে মাদুরো শপথ গ্রহণের দিনটি ভেনেজুয়েলার স্বাধীনতা ঘোষণার দিনের সঙ্গে এক হয়ে গিয়েছিল। এরকম এক তাত্পর্যপূর্ণ দিনে প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেন মাদুরো। ভাষণে তিনি প্রয়াত প্রেসিডেন্ট শ্যাভেজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলেন, “প্রতিদিন আমি ঘুম থেকে ওঠার সময় তার কথা ভাবি, তার কথা ভাবতে ভাবতেই আমি ঘুমাতে যাই, কারণ তার নির্দেশনা আমাদের প্রয়োজন।” “আমি তাদের ডাকতে চাই যারা যে কোনো কারণেই হোক পিতৃভূমির প্রার্থীকে ভোট দেননি, আপনাদের প্রতি জলাপাইয়ের শাখা এগিয়ে দিচ্ছি আমি, আপনাদের সঙ্গে নিয়েই কাজ করবো আমি,” বলেন তিনি। ভাষণ দেয়ার সময় মাদুরোকে কিছুটা বিব্রত করে লাল জ্যাকেট পরা এক লোক ছুটে ডায়াসে এসে মাদুরোকে বলতে থাকেন, “নিকোলা, আমার নাম আন্দ্রে, দয়া করে আমাকে সহায়তা করো।” এ সময় মাদুরোর দেহরক্ষীরা লোকটিকে সরিয়ে নেয়। ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করে তাদের ব্যর্থতার সমালোচনা করেন মাদুরো।