বন্দরনগরী চট্টগ্রামের পটিয়াস্থ ধলঘাট ইউনিয়নের বাগদণ্ডী ও করনখাইন গ্রামের সংযোগকারী সেতুটি (চানখালি নদীর চন্দ্রকলার পোল) এখন কোনো কাজেই আসছে না । সেতুটি দুই পাড়ের সড়ক থেকে অনেক উঁচুতে প্রতিস্থাপন করায় সাইকেল কাঁধে করে নিয়ে যেতে কাহিল হতে হচ্ছে। শিশু বৃদ্ধ মহিলা ও রোগীদের এই সেতু পারাপার হওয়া এক পরীক্ষার মতো। সেতুর পূর্ব পাড়ে রয়েছে ধলঘাট রেলওয়ে স্টেশন, বাগদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলঘাট ক্যাম্প, ধলঘাট স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম পাড়ে রয়েছে মুকুট নাইট উচ্চ বিদ্যালয়, গৈড়লা উচ্চ বিদ্যালয়, হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সালেহ নূর ডিগ্রি কলেজ ও বনফুল মিষ্টির ফ্যাক্টরি। এসএসসি, জেসসি, পিএসসি পরীক্ষায় যখন এক বিদ্যালয়ের কেন্দ্র অন্য স্কুলে হয় তখন এই সেতু পার যেতে গলদঘর্ম হতে হয় পরীক্ষার্থীদের। অ্যাপ্রোচ সড়ক না থাকায় কোটি টাকার বেইলি ব্রিজটি ব্যবহার করা যাচ্ছে না। চন্দ্রাকলা বেইলি ব্রিজটির অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করলেই দুই পাড়ের জনগণ সহজে যাতায়াত করতে পারবে। এ ব্যাপারে আশু উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
