পানির জন্য

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:১৩
গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে খাবার পানির চাহিদা। সাপ্লাই থেকে যে পানি পাওয়া যায় তা শুধু ময়লাই নয়, প্রচণ্ড দুর্গন্ধও। শহরবাসীর জন্য ওয়াসার পানিই একমাত্র ভরসা। গলা ভেজানোর জন্য সর্বস্তরের মানুষই এই পানির আশায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। দেখা যায় স্থানীয় হোটেল ব্যবসায়ীরা ব্যারেল ব্যারেল পানি নিয়ে মিনারেল ওয়াটার নামে বিক্রি করে। কোনো কোনো পাম্পের লোকদের সঙ্গে ব্যবসায়ীরা অর্থ লেনদেনও করে থাকে। ডেলিভারি পাইপ একটি হওয়ায় এবং ব্যবসায়ীদের বড় বড় ব্যারেল ভরার জন্য সাধারণ মানুষকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হয়। কোনো কোনো জায়গায় মারামারিও হয়। বিক্রির উদ্দেশ্যে পানি সরবরাহ না করে এবং পানির ডেলিভারি পাইপ একাধিক করা হলে এ সমস্যার সমাধান হতে পারে। কর্তৃপক্ষ যদি বিষয়টি বিবেচনা করেন তাহলে পিপাসিত মানুষের উপকার হয়।