গত বছরের ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে হামলায় ক্ষতিগ্রস্ত ২৪টি বৌদ্ধ বিহার এবং একটি হিন্দু মন্দিরে নগদ এক লাখ টাকা করে অনুদান প্রদান করেছে জাপান ভিত্তিক বেসরকারি সংগঠন রিসসো কোসেই-কাই বাংলাদেশ। শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক ‘সম্প্রীতি সমাবেশ ও দানানুষ্ঠানে’ এ অনুদান প্রদান করা হয়। বৌদ্ধ ধর্মীয় নেতা ড. ধর্ম সেন মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের কক্সবাজারস্থ কার্যালয়ের উপ-পরিচালক আবু তাহের, রিসসো কোসেই-কাই কর্মকর্তা আশোক বড়ুয়া, দেশপ্রিয় বড়ুয়া, বাদল বড়ুয়া, জাপানের নাগরিক রেভারেন্স আরি তোসি প্রমুখ। রিসসো কোসেই-কাই এর কর্মকর্তা কাঞ্চন বড়ুয়া ও রুমন বড়ুয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় সংঘটিত বৌদ্ধ বিহার এবং হিন্দু মন্দিরে হামলার ঘটনাটি ছিল দুঃখজনক। এ সহিংসতা থেকে দূরে থেকে সম্প্রীতি রক্ষায় কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
