পাটগ্রামে বিজিবির ওপর চোরাকারবারীদের হামলা

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:৫২
বাংলাদেশ-ভারত সীমান্তে দায়িত্ব পালনের সময় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর সংঘবদ্ধ একটি চোরাকারবারির দল হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজারে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও বিজিবি জানিয়েছে, নাজির গোমানী সীমান্তে চোরাকারবারিদের নেতা জনাব আলীর ছেলে ফারুক হোসেনের নেতৃত্বে দুর্বৃত্তের দল সীমান্ত এলাকায় ইলেকট্রিক যন্ত্রপাতি ও মাদক পাচার, গরু চুরি, অস্ত্র ব্যবসাসহ নানা অবৈধ কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালাচ্ছিল। গত শুক্রবার রাতে মোটর সাইকেল যোগে ফারুক হোসেন সীমান্তে গেলে বিজিবি’র নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাবিলদার সাজেদুর রহমানের নেতৃত্বে ৫ জনের টহল দলটি ফারুককে ধাওয়া করে। মুন্সিরহাট বাজারে মোটর সাইকেলসহ ফারুককে তারা আটক করতে সক্ষম হয়। এসময় ফারুকের সঙ্গী চোরাকারবারিদের একটি দল ওই টহল দলের ওপর হামলা চালায়। বিজিবির ৪টি বাইসাইকেল লুট করে তারা। পরে পাটগ্রাম কোম্পানি কমান্ডার জোনাব আলীর নেতৃত্বে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য পৌঁছলে চোরাকারবারিদের দলটি বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাবিলদার সাজেদুর রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বিজিবির হাতে আটক ফজলার রহমান ভোলাকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করে।