রংপুরে হামলায় ছাত্রলীগ নেতা আহত

সন্ত্রাসীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:৫৩
রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কারমাইকেল কলেজ শাখার সভাপতি রাফিউল ইসলাম রাফি এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইনুর ইসলাম গাজীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে নগরীর লালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাফি ও গাজী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৪০ জনকে আসামি করে পৃথক ২টি মামলা হয়েছে। এদিকে রাফি এবং গাজীর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ। গত বৃহস্পতিবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে এই আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য এ কলেজ বন্ধ করে দেয়া হবে। এর আগে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কলেজ শাখার নেতৃবৃন্দ লালবাগ রেলগেট এলাকায় সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা শনিবার সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। একই দাবিতে তারা পুনরায় গত বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লালবাগ রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে।