ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে ঝড়ের কবলে পড়ে ১০ হাজারের বেশি পাখি মারা গেছে। শুক্রবার রাতে কাল বৈশাখীর আঘাতে পাখির এ গণমৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় বাগান মালিক আইয়ুব আলি জানিয়েছেন, বদনপুর গ্রামের মাঠের ভিতর তার দুইটি মেহগনি বাগানে হাজার হাজার পাখি আবাস গড়ে তুলেছিল গত সাত আট বছরে। ব্যস্ত দিন কাটানোর পর সন্ধ্যায় নীড়ে ফিরত তারা। আবার কাকডাকা ভোরে বেরিয়ে পড়ত। নানা প্রজাতির পাখি ছিল সেখানে। শুক্রবার রাতের প্রবল ঝড় পাখিদের এই জীবন যাপনকে একেবারে লণ্ডভণ্ড করে দেয়। শনিবার সকালে বাগানে এসে তিনি হতবিহ্বল হয়ে দেখেন হাজার হাজার পাখির মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে বাগানের ভেতরে ও পাশের মাঠে। সংখ্যার ১০ হাজারের বেশিই হবে।
খবর পেয়ে লোকজন দল বেঁধে মৃত পাখি দেখতে আসে। তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা পাখিগুলো ৩টি স্থানে স্তূপ করে রাখে। মৃত পাখির মধ্যে শালিকের সংখ্যা বেশি। এছাড়া টিয়া, ঘুঘু ও অন্যান্য পাখিও আছে। শৈলকুপা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়রুল বাশার সরদার জানান, খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে।
ঝিনাইদহে বজ পাতে দুই ভাই নিহত
এদিকে ঝড়ে ঝিনাইদহের শৈলকুপা, মহেশপুর ও সদর উপজেলায় প্রায় ৫শ’ বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় বজ পাতে শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামে তুহিন ও সুশিন নামে দু’ ভাই নিহত হয়েছে।
