গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্যোগ নিয়েছেন কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ। নারী-পুরুষ মিলে প্রায় পাঁচশ লোক এ রাস্তার মাটি কাটার কাজে অংশগ্রহণ করছেন। কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, আমি আমার পরিষদের সদস্য ও ৪০ দিন কর্মসূচির ৯০ জন শ্রমিক নিয়ে রাস্তা নির্মাণের জন্য মাটি কাটা শুরু করি।
তারপর এলাকার প্রায় পাঁচশ লোক আমাদের সাথে এক হয়ে মাটি কাটা শুরু করে এবং তিন কিলোমিটার রাস্তা নির্মিত হবে। গজালিয়া গ্রামের প্রায় দশ হাজার মানুষ উপকৃত হবে। আগে গজালিয়া গ্রামের লোকজন বছরের অধিকাংশ সময় নৌকায় যাতায়াত করতো। উল্লেখ্য, গত সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল নির্মাণ কাজের উদ্বোধন করেন।
