সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রী ও শ্যালকসহ ৪ জন খুন

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৫০
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী, শ্যালকসহ চারজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সোনারগাঁও সংবাদদাতা এ খবর জানান। পুলিশ ও চেয়ারম্যানের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের ঝাউচরের বাসভবনের দ্বিতীয় তলায় শনিবার ভোর রাতে খুন হন চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী শামিমা ইসলাম সুমা, শ্যালক রানা, দুই গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তার। শনিবার ভোর রাতে তাদের সবাইকে জবাই করে খুন করা হয়। রফিকুল ইসলাম ব্যবসায়িক কাজে দেশের বাইরে রয়েছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটানো হয়েছে। বাড়ির কোনো মালামাল চুরি হয়নি। পেশাদার খুনিরা এ ঘটনা ঘটি-য়েছে। হত্যাকারীরা চেয়ারম্যানের পরিবারের পূর্ব পরিচিত কেউ হতে পারে। কারণ হত্যাকাণ্ডের পর হত্যাকারীরা নির্বিঘ্নে বের হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া কক্ষের ভেতর থেকে জিনিসপত্র খোয়া যাওয়ার আলামত পাওয়া যায়নি। শুধু হত্যাকাণ্ডের জন্যই দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে পৃথক চারটি কক্ষে চারজনকে গলাকেটে হত্যা করে। তিনি আরো জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নৈশ প্রহরী আব্দুস সাত্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। চেয়ারম্যানের বড় ছেলে শাহাদাত হোসেন জানায়, আমাদের পরিবারে কোনো কলহ বা দ্বন্দ্ব ছিল না। আমার বাবা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদাভাবে এ বাসভবনে থাকতেন। ঢাকা থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।