আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৫১
ইসলামী আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ মুফতী রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৯৫ ভাগ মুসলমানের দেশে ইসলাম বিরোধী নাস্তিক-ব্লগারদের মেনে নেয়া হবে না। অবিলম্বে নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানিয়ে তিনি বলেন আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। গতকাল শনিবার আল্লাহ ও রাসূল (সা.) এর দুশমন নাস্তিক-মুরতাদদের শাস্তির আইন পাস, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে নগরীর ফজলুল হক এভিনিউতে বিশাল জনসভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলনের বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে চরমোনাই পীর সাহেব হেফাজতে ইসলামকে ইঙ্গিত করে বলেন, আপনারা আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলার চেষ্টা করছেন, অথচ আমরা দেখছি আপনারা বিএনপি-জামায়াতের দালালি করছেন। আপনাদের মিথ্যাচার ও ষড়যন্ত্র জনগণ বুঝে গেছে। আলেমদের চরিত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। দেশ আজ গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত। ইসলামী আন্দোলন আওয়ামী লীগ বা বিএনপি’র দালালি করে না। বিএনপি’র সাথে জামায়াতসহ ১৮টি রাজনৈতিক দল রয়েছে। ইসলামী আন্দোলন এমন একটি রাজনৈতিক দল যার কোনো শরীক নেই। আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং ৯, ১০, ১১ মে মিয়ানমার অভিমুখে ঢাকা থেকে লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানিয়ে পীর সাহেব বলেন আন্দোলন হবে শান্তিপূর্ণ। ইসলাম শান্তির ধর্ম। এখানে বিশৃংখলা সৃষ্টির কোনো সুযোগ নেই। আমাদের কোনো কর্মসূচিতে বাধা দেয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয় মানসকণ্যা, আসলে তিনি ঈমান খেকো কন্যা হিসেবে মুসলমানদের কাছে চিহ্নিত হয়ে আছেন।