প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিএনপি-জামায়াত হরতালের নামে মানুষ খুন করছে। তারা হত্যাসহ যানবাহনে পেট্রোল ঢেলে চালকদের পুড়িয়ে মারছে। ফটিকছড়িতে কিভাবে আক্রমণ করে হত্যা করেছে জনগণ তা দেখেছে। এখন আবারো হুমকি দিচ্ছে সারা দেশে একই ঘটনার পুনরাবৃত্তির। এসব হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেত্রী যদি মনে করেন, তিনি পার পেয়ে যাবেন সেটা হবে না। এসব হত্যাকাণ্ডের দায়ভার বিএনপি নেত্রী ও জামায়াতকে নিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর তারা এদেশে খুনীদের পুনর্বাসন করেছিল। আমরা জাতির জনকের হত্যাকাণ্ডের বিচার করে রায় কার্যকর করেছি। যুদ্ধাপরাধীদের বিচারও এদেশের মাটিতেই হবে। তিনি বলেন, ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। দেশের মানুষ বিশ্বসভায় মর্যাদার আসনে মাথা উঁচু করে দাঁড়াবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বনির্ভর দেশ গড়ে তোলা হবে। এজন্য সরকারের উন্নয়ন ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ভোট দিয়ে ক্ষমতায় নিতে হবে। প্রধানমন্ত্রী গতকাল শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, কর্মসংস্থান, আইন-শৃংখলা, রেল ব্যবস্থাসহ দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, সরকারে এসে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি পূরণ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। গত চার বছর ৬ ভাগের উপর প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। গোল্ড রিজার্ভ বৃদ্ধি করেছি। বর্তমানে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের অবস্থান পঞ্চম। দেশের রিজার্ভ বর্তমানে ১৪ বিলিয়ন ডলার। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষানীতিতে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করে সার্বজনীন শিক্ষা চালু করা হয়েছে। মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই দেয়া হয়েছে। ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও ১ লাখ ৪ হাজার শিক্ষককে সরকারিকরণ করা হয়েছে। চাকরিজীবীদের বেতন ৬০ থেকে ৭০ ভাগ বাড়ানো হয়েছে। ৭৫ লাখ বেকারের কর্মসংস্থান করা হয়েছে। জনশক্তি রপ্তানি সরকারিকরণ করে অল্প খরচে বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে দেশে দারিদ্র্য হ্রাস পাচ্ছে।
বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সময় সারা দেশে ৫ হাজার ৫৯৪টি নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনই অবাধ ও নিরপেক্ষ হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও আপনার দলের প্রার্থী জয়ী হয়েছে। আমরা ভোট চুরি করে ফলাফল পক্ষে নেইনি।
বিকালে প্রধানমন্ত্রী কুমিল্লা টাউন হলের সভামঞ্চে যাওয়ার আগে ১ হাজার ৩৪৪ কোটি টাকার ২৪টি প্রকল্পের কাজের ফলকের প্রতীকী উদ্বোধন করেন।
মুরাদনগরে গ্যাসক্ষেত্র উদ্বোধন ও জনসভা
এর আগে প্রধানমন্ত্রী জেলার মুরাদনগরে সকাল সাড়ে ১০টায় শ্রীকাইল গ্যাস ফিল্ডের গ্যাসকূপ খনন ও ১ দশমিক ৫ কিলোমিটার আন্তঃসংযোগ পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী গ্যাসক্ষেত্রের পাশে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পরে তিনি হেলিকপ্টারযোগে ১১টা ৩৮ মিনিটে কুমিল্লা নগরীর ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অবতরণ করেন এবং ১১টা ৪৫ মিনিটে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে সোয়া ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সুধী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
