পৃথিবীর কয়েকটি দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন দেশে বিমানের সেলস এজেন্ট নিয়োগের ক্ষেত্রেও সংশ্লিষ্ট একশ্রেণির কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে। তবে জাতীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কেভিন জন স্টিল গতকাল শনিবার এক বিবৃতিতে জানান, জিএসএ নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। আর এই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি নিজেই। এক্ষেত্রে সরকারি সকল নিয়ম-নীতি ও দিক নির্দেশনা অনুসরণ করা হবে বলে জানান তিনি।
বিমান পৃথিবীর বিভিন্ন দেশের ১৯টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এসব গন্তব্যের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কাতার, বাহরাইন, মাস্কাট, কুয়েত, ইউরোপের লন্ডন ও রোম, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, দিল্লি, কলকাতা অন্যতম। যাত্রীদের কাছে কমিশনের ভিত্তিতে টিকিট বিক্রি এবং কার্গো পরিবহনে সহায়তার জন্য বিমান কর্তৃপক্ষ প্রতি তিন বছর অন্তর জিএসএ নিয়োগ দেন। রিয়াদ, জেদ্দা, হংকং ও লন্ডনে জিএসএ’র মেয়াদ চলতি এপ্রিল মাসে শেষ হওয়ার কথা। কিন্তু এ মেয়াদ আগামী জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ওই সকল স্থানে জিএসএ নিয়োগের জন্য বিমানের পক্ষ থেকে দরখাস্ত আহ্বান করা হয়। মোট ২০টি আবেদন জমা পড়েছে। এ নিয়োগ প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন। এই জিএসএ নিয়োগ প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। আর এ প্রেক্ষাপটে জিএসএ নিয়োগের বিষয়টি বিমানের ব্যবস্থাপনা পরিচালক স্বয়ং দেখভাল করার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে কেভিন স্টিল এক বিবৃতিতে বলেন, বিমান যে সকল দেশে ফ্লাইট পরিচালনা করে তার প্রায় সবকটি দেশে তার কাজ করার অভিজ্ঞতা আছে। এর বাইরে বিমানের ফ্লাইট পরিচালনা হয় না এমন অনেক দেশেও তিনি কাজ করেছেন। তাই বিমানের জিএসএ হতে আগ্রহী আবেদনকারী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তার ধারণা খুবই স্বচ্ছ। ওইসব দেশে কাজ করার সুবাদে প্রতিষ্ঠানগুলোর আদ্যোপান্ত তথ্য তার চেয়ে আর কে-ই বা বেশি জানে। তাই ওইসব দেশে বিমানের জিএসএ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি। বিবৃতিতে তিনি বলেন, একটি বিশ্বমানের এয়ারলাইন্স হিসেবে বিমানকে গড়ে তোলার কাজে সহায়তা করতেই তিনি এ সংস্থায় যোগ দিয়েছেন। সেই লক্ষ্য অর্জনে বিমানের জন্য সর্বোত্তম বিবেচিত প্রতিষ্ঠানকেই কেবল এর জিএসএ হিসেবে নিয়োগ দেয়া হবে।
