বাংলাদেশের ৬টি জেলায় ৬৮ জন নতুন তথ্যকল্যাণীর উদ্যোক্তা জীবন শুরু করেছে। রংপুরের গঙ্গাচড়া, গাইবান্ধা সদর ও সাঘাটা, নেত্রকোনার পূর্বধলা, বগুড়ার সারিয়াকান্দি, মৌলভীবাজারের কুলাউড়া এবং চট্টগ্রামের আনোয়ারা থেকে এ তথ্যকল্যাণীদের নির্বাচন করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারীর শেষ দিক থেকে বেসরকারি সামাজিক উদ্যোগ গ্রহণকারী প্রতিষ্ঠান ডি.নেট উন্নয়ন সহযোগী ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর আর্থিক সহযোগিতায় তথ্যকল্যাণীরা ইনফোলেডি মডেলের প্রতিষ্ঠা করে।
পরবর্তীকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেড তথ্যকল্যাণী মডেলের উদ্ভাবক ডি.নেট এবং বাংলাদেশে মডেল বিস্তারে নিয়োজিত প্রতিষ্ঠান ফেয়ার প্রাইস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং তথ্যকল্যাণীদের জন্য পৃথক ঋণ কর্মসূচি চালু করে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ ও নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড তথ্যকল্যাণী মডেলে কাজ করতে আগ্রহী নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ প্রদান করছে।
চলতি মাসেই সব তথ্যকল্যাণী ঋণের টাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ কিনে কাজ শুরু করেছে। তথ্যকল্যাণী অর্থায়ন কর্মসূচির অগ্রগতি দেখতে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, ন্যাশনাল ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নজিব উদ্দিন ভূঁইয়া এবং তথ্যকল্যাণী কর্মসূচির কর্মকর্তারা সম্প্রতি বগুড়া, রংপুর ও গাইবান্ধা পরিদর্শন করেন।
