চট্টগ্রাম বন্দরসহ সারাদেশে জাহাজে পণ্য পরিবহন, বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য লাইটারিংসহ ছোট জাহাজ চলাচলে শীঘ্রই আসছে একটি নীতিমালা। নৌ পরিবহন মন্ত্রীর নির্দেশে নীতিমালা প্রণয়নে গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এই নীতিমালা প্রণয়ন করে তা সুপারিশ আকারে উপস্থাপন করার জন্য বলা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজ ধর্মঘটে অচলাবস্থা নিরসনে গত শনিবার বন্দরের রেস্ট হাউসে অনুষ্ঠিত বন্দর কর্তৃপক্ষ, সমুদ্র পরিবহন অধিদপ্তর, লাইটারেজ জাহাজ ও কার্গো জাহাজ মালিকদের সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়। বৈঠকে অচলাবস্থা নিরসন ও সুষ্ঠু জাহাজ চলাচল পরিবেশ প্রণয়নের লক্ষ্যে জাহাজ মালিকদের সমস্যাসমূহ সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারি সদিচ্ছার কথা জানানো হয়।
বৈঠক শেষে চট্টগ্রাম বন্দর ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, নীতিমালা প্রণয়নে গঠিত কমিটির আহবায়ক করা হয়েছে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর জোবায়েরকে। সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন, চট্টগ্রাম বন্দরের সদস্য হারবার ও মেরিন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একজন উপসচিব, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জাহাজ মালিকদের সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ।
বৈঠকে আরো অংশ নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর জোবায়ের আহমেদ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম প্রমুখ।
