গোপালগঞ্জে শিবিরের আস্তানা থেকে পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা উদ্ধার

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:০৯
গোপালগঞ্জে গত শুক্রবার শিবিরের আস্তানা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নামের তালিকা উদ্ধার হওয়ায় পুলিশ বিভাগে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ সব কর্মকর্তা হলেন-ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান, মিরপুরের পরিদর্শক সালাহউদ্দিন লুই ও আইজি পদমর্যাদার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু হাজ্জাজ। এ নিয়ে পুলিশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। পুলিশ সূত্র জানিয়েছে-গত শুক্রবার বিকালে পুলিশ শহরের মিয়াপাড়ার আবুল বাশার সড়কের খোরশেদ আলম সিকদারের ভাড়া করা বাসা শিবিরের আস্তানায় হানা দিয়ে পদস্থ পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা ছাড়াও বেশ কিছু জিহাদি বই ও সিডি উদ্ধার করেছে। রাত ১১টার দিকে উদ্ধারকৃত সামগ্রীর তালিকা প্রস্তুতকালে ঘাঁটাঘাঁটি করতে গেলে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের নামের তালিকাটি পাওয়া যায়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বলেন, ‘তিন পৃষ্ঠার তালিকাটিতে তিন পুলিশ কর্তকর্তার তথ্য বিবরণী রয়েছে। সেখানে নাম, ঠিকানা, ব্যক্তিগত বিভিন্ন তথ্য, পারিবারিক পরিচয়, বর্তমান কর্মস্থল ও গোপালগঞ্জ শহরে তাদের বাড়ি ও নিকট আত্মীয়, চাকরিতে যোগদান, শিক্ষাগত যোগ্যতা, পদোন্নতি, সাসপেনসন ও গোপালগঞ্জে বাড়ি হওয়ায় বিশেষ আনুকূল্যের কথা উল্লেখ করা হয়েছে।