ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে শুক্রবার রাতে ১০ সহস্রাধিক পাখির মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে প্রাণীসম্পদ অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মৃত পাখিগুলো গর্ত করে পুঁতে ফেলেন। কয়েকটি পরীক্ষার জন্য নিয়ে যান। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকার জানান, এক সাথে এত বিপুলসংখ্যক পাখির মৃত্যু অস্বাভাবিক ঘটনা। ঝড় হলেও যে দু’টি মেহগনি বাগানে পাখির দল বাস করতো সেখানে গাছপালা ভাঙ্গা দেখা যায়নি। শিলা বৃষ্টি হলে গাছের পাতা ছিড়ে পড়ার কথা তাও হয়নি। তিনি আরো জানান, আশেপাশের গ্রামেও ঝড় হয়েছে কিন্তু সেখানে পাখি মারা যায়নি। মৃত পাখির কয়েকটি ঝিনাইদহে এনে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে বার্ড ফ্লু’র আলামত পাওয়া যায়নি। তবে আরো পরীক্ষার জন্য কয়েকটি পাখি ঢাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলে পাখি মৃত্যুর আসল কারণ জানা যাবে।
