প্রস্তুতি ভাল হলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৩৭
দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ চলতি সপ্তাহে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিল গত শনিবার লা লিগায় যথাক্রমে লেভান্তে ও রিয়াল বেটিসের বিপক্ষে পাওয়া জয়ে। বার্সেলোনা আগামীকাল মঙ্গলবার অ্যালিয়েঞ্জ এরেনায় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিক বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। এর পরের দিন বুধবার স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবেলা করবে অতিথি রিয়াল মাদ্রিদ। লিওনেল মেসিবিহীন বার্সেলোনা ১-০ গোলে জিতলেও এ জন্য তাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। যদিও এর সুবাদে কাতালান দলটি শিরোপার তুলে নেয়ার পথে দুই জয়ের দূরত্বে এসে দাঁড়ালো। কেননা আর দু’টি জয় পেলেই গাণিতিক হিসেবে তারা শিরোপা নিশ্চিত করে ফেলবে। নূ ক্যাম্পে অনুষ্ঠিত খেলায় বার্সেলোনার জয়সূচক গোলটি করেন সেস ফ্যাব্রেগাস। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে গোলটি করেন সাবেক আর্সেনাল তারকা। ফ্যাব্রেগাস খেলা শেষে বলেন, ‘এই ম্যাচটিতে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। কিছু মানুষ মনে দেখাতে চাইছেন লিগ জয়ে কিছু আসে যায় না। আমরা জানি যে আমরা এটা জেতার জন্যই কাজ করছি। আমরা জানি এটা খুবই কঠিন কাজ। শিরোপা জয়ের জন্য আমরা তাই শেষ পর্যন্ত লড়াই অব্যাহত রাখবো।’ কোচ টিটো ভিলানোভা বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায় এদিন প্রথম একাদশে ঠাঁই পান তারকা এরিক আবিদাল। যকৃত প্রতিস্থাপনের পর ফরাসি এই তারকা ১৪ মাস পর এই প্রথম নিয়মিত একাদশের হয়ে মাঠে ফিরলেন। ভিলানোভা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে মোকাবেলার কথা মাথায় রেখে। লেভান্তের গোলরক্ষক কিলোর নাভাসের নৈপুণ্যে ১৭তম মিনিটে ডেভিড ভিয়ার নেয়া পেনাল্টি শট ব্যর্থ না হলে বার্সেলোনার শুরুটা চমত্কার হতে পারতো। আন্দ্রেস ইনিয়েস্তাকে আটকাতে গিয়ে পেপে দিওফ মাটিতে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। এরপর বার্সেলোনার অনেকগুলো প্রচেষ্টাই ব্যর্থ হয় গোলমুখে বিপক্ষ গোলরক্ষকের নৈপুণ্যে। লেভান্তে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু রবার্ট অ্যাকুয়াফ্রেসকের গোলটি বাতিল হয়ে যায় রেফারি ভুলবশত অসসাইড ধরলে। এদিকে মেসুত ওজিলের জোড়া গোলে রিয়াল ৩-১ ব্যবধানে হারায় বেটিসকে। মাদ্রিদের অপর গোলটি করেন করিম বেনজামা। জয় পেলেও শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছে মাদ্রিদ। কারণ মার্সেলো এবং লুকা মড্রিচ খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে আসেন। পেশিতে সমস্যা দেখা দেয় উভয়ের। ফলে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এই দু’জনের খেলা নিয়ে সংশয় রয়েছে।