মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩১
নাস্তিক, ইসলাম বিদ্বেষী ও তাদের সহযোগিদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের নারী সমাজের প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ্ আহমদ শফী। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি কোনো মহলের চাপে তথাকথিত প্রতিবাদী নারী সমাজ এর মহাসমাবেশ কিংবা শাহবাগীদের গণজাগরণ মঞ্চের শ্রমিক সমাবেশের মতো কর্মসূচি বাস্তবায়নে নারী শ্রমিকদের ব্যবহার করতে না দেয়ার জন্য গার্মেন্টস শ্রমিক সংগঠন, মালিকসহ বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতি আহবান জানান। বিবৃতিতে আল্লামা আহমদ শফী আরও বলেন, হেফাজতের লংমার্চ এবং মহাসমাবেশের মধ্য দিয়ে সারাদেশে তৌহিদী জনতার যে মহাজাগরণ শুরু হয়েছে, তাতে ভীত ও দিশেহারা হয়ে নাস্তিক-বামপন্থি এবং তাদের সহযোগিরা এখন মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে সরলমনা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আল্লামা শফী ঈমানী দাবি আদায়ে আগামী ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার আহবান জানিয়ে বলেন, কর্মসূচি বানচাল করতে নারীদের মাঠে নামার চেষ্টা কিংবা অন্য কোন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে কোন লাভ হবে না। অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ঈমানী দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে এবং দাবি আদায় না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এদিকে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আহলে সুন্নাতের সমাবেশে আল্লামা শাহ আহমদ শফী সম্পর্কে কটূক্তি করায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে ঐক্যবদ্ধভাবে ইসলামের শত্রুদের মোকাবেলা করার সংগ্রামে শরিক হওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জমা‘আত নেতাদের প্রতি আহ্বান জানান। এছাড়া আল্লামা শাহ আহমদ শফী সম্পর্কে কটূক্তি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় খতীব ও ইমাম সংসদ।