পাকিস্তানের ইসলামাবাদে নিজ বাগান বাড়িতে দুই কক্ষের বাসিন্দা দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তার সঙ্গে তার দলের জেনারেল সেক্রেটারিকেও দেখা করতে দেয়া হয়নি। মোশাররফের ঘনিষ্ঠ এক সহযোগী এ তথ্য জানিয়েছে। এদিকে আজ সোমবার মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি হবে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডন-এর।
অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) নেতা মুহাম্মাদ আমজাদ বলেন, দুটি কক্ষের মধ্যে মোশাররফকে চলাফেরা করতে হবে। সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাত্ করতে দেয়া হচ্ছে না। বাড়ি থেকে তার কর্মচারীদেরও সরিয়ে দেয়া হয়েছে। আমজাদ অভিযোগ করেন, মোশাররফের সঙ্গে তার আইনজীবীকেও সাক্ষাত্ করতে দেয়া হচ্ছে না। এর ফলে তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে। প্রত্যেক কারাবন্দীর সঙ্গেই তার আইনজীবীদের সাক্ষাত্ করতে দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আমজাদ সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কারাবন্দীর তথ্য উল্লেখ করে বলেন, গিলানি অনেক সুযোগ-সুবিধা পেলেও মোশাররফকে দেয়া হচ্ছে না।
২০০৭ সালে বিচারকদের বরখাস্ত করা সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়ার পর আদালত শনিবার মোশাররফের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কর্তৃপক্ষ ইসলামাবাদের শহরতলীতে মোশাররফের পাঁচ একরের বিলাসবহুল খামার বাড়িটিকে ‘সাব-জেল’ ঘোষণা করে। তবে মোশাররফ তার বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেছেন। মোশাররফই দেশটির প্রথম সেনা প্রধান যিনি কোনো মামলায় গ্রেফতার হয়ে আদালতে হাজির হন এবং কারাবরণ করলেন।
