স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ত্বকী ও ছাত্রলীগ নেতার খুনিরা যেই হউক তাকে খুনি হিসেবেই গণ্য করে গ্রেফতার ও আইনের আওতায় এনে বিচার করা হবে। স্থানীয় রাজনৈতিক বৈরিতার কারণেই নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী ও ঢাকার কাফরুলে ছাত্রলীগের সভাপতি খুন হয়েছেন। এ কারণেই দুটি খুনের ঘটনা একই সূত্রে গাঁথা ও হত্যায় মিল রয়েছে।
রবিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় বাংলাদেশ নৌ বাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে একটি জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বেশ দৃঢ় কণ্ঠে বলেন, ‘যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের দমন করা হবে কঠোরভাবে। এই প্রতিশ্রুতি আজ আমি দিলাম।’ মন্ত্রী বলেন, শীতলক্ষ্যা সেতু অবশ্যই নির্মিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, আপনি যদি নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ প্রশাসনকে নির্দেশ দেন তাহলে ৫ মিনিটের মধ্যে পুলিশ ত্বকী হত্যার খুনিদের গ্রেফতার করতে পারবে। তখন দেখবেন অপরাজনীতিও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু প্রশাসনে দক্ষ কর্মকর্তা থাকা সত্ত্বেও তারা ত্বকী হত্যার ব্যাপারে কাজ করতে পারছে না।
এজন্য তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিগত বিএনপি সরকারের আমলে আমরাই নারায়ণগঞ্জে রাজনীতি করেছি। তখন যারা ছিল না তাদের এখন কেন প্রয়োজন? সুতরাং মন্ত্রী আপনি দৃষ্টি দিলে অবশ্যই নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস নির্মূল সম্ভব।
ত্বকী হত্যার আসামি রিমান্ডে
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত সালেহ রহমান সীমান্তকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রবিবার সীমান্তকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক চাঁদনী রূপম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ত্বকী হত্যা মামলার এজাহারে সীমান্তের নাম ছিল না। তবে পরে নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির দেয়া অবগতিপত্রে যে ৭ জনকে খুনি হিসেবে উল্লেখ করা হয়েছিল তাদের মধ্যে ৬ নম্বরে ছিল সীমান্ত।
পুলিশ বলছে, ১৮ এপ্রিল র্যাবের একটি টিম সীমান্তকে আটক করে থানা পুলিশের কাছে দিয়েছে। ১৯ এপ্রিল তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সীমান্ত জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা বজলুর রহমান ওরফে হাজী রিপনের ছেলে।
ত্বকী হত্যা মামলার বাদী নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, ১৮ এপ্রিল বিকালে র্যাব-১১ সীমান্তকে সদর থানায় হস্তান্তর করে। এ নিয়ে এ হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হলো।
