কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। এর আগে গত ৪২ বছরে বাংলাদেশে ১৬ জন নাগরিক রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির তালিকায় আবদুল হামিদের নাম যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ১৭ জনে। এর মধ্যে ছয়জনের বাড়িই বৃহত্তর ময়মনসিংহ জেলায়। এরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, আবু সাঈদ চৌধুরী, আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, জিল্লুর রহমান ও আবদুল হামিদ। আর এই ছয়জনের তিনজনই কিশোরগঞ্জের সন্তান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত তত্কালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু দেশে না থাকায় ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর সৈয়দ নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। ১৯২৫ সালে কিশোরগঞ্জ সদর উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পর বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭২ সালের ১২ জানুয়ারি থেকে ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইলের সন্তান আবু সাঈদ চৌধুরীর জন্ম ১৯২১ সালে।
বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ১৯৮২ সালের ২৭ মার্চ। ওই সময়ের প্রধান সামরিক আইন প্রশাসক এইচ এম এরশাদ তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। ১৯১৫ সালের ১ জুলাই ময়মনসিংহে জন্ম নেন তিনি।
বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এইচ এম এরশাদের পদত্যাগের পর উপ-রাষ্ট্রপতি নিযুক্ত হন। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১০ জন উপদেষ্টাকে শপথ পাঠ করান। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর একই বছরের ৯ অক্টোবর পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি প্রধান বিচারপতির পদে ফিরে যান। ১৯৯৬ সালের ২৩ জুলাই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি মনোনীত হন। ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। তার বাড়ি বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনায়।
সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই গত ২০ মার্চ তিনি মারা যান। প্রবীণ রাজনীতিবিদ জিল্লুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবে।
জিল্লুর রহমানের মৃত্যুর পর থেকেই আবদুল হামিদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। সাতবারের সংসদ সদস্য, দুই বার স্পিকার আর একবার বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালনকারী আবদুল হামিদের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়।
এর বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মো. মোহাম্মদউল্লাহ, খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম, জিয়াউর রহমান, আবদুস সাত্তার, এইচ এম এরশাদ, আবদুর রহমান বিশ্বাস, ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জমিরউদ্দিন সরকার এবং ড. ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত ইতিপূর্বে তিনজন দুইবার করে রাষ্ট্রপতির পদ অলংকৃত করায় ব্যক্তি হিসেবে ১৭তম হলেও আবদুল হামিদ তালিকা অনুসারে ২০তম রাষ্ট্রপতি হবেন।
