ইসলামী আদর্শ ছাড়া শান্তি আসতে পারে না

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৩
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, আমরা গত ২৯ মার্চের ঢাকার মহাসমাবেশে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছি। কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যেই আমাদের এই রোড মার্চ। এই দাবিগুলো সম্পর্কে জনগণ তথা সকল শ্রেণির মানুষকে উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি। তিনি বলেন, শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ ও রাসুলের (সা.) ওপর বিশ্বাস থাকবে না এটা কোন মুসলমান মেনে নিতে পারে না। আমরা দাবি জানাই সংবিধানে আল্লাহ ও রাসুলের (সা.) নীতি-আদর্শ, তার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করুন। যদি না করা হয় তাহলে তৌহিদী জনতা এর বিরুদ্ধে সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর তীব্র সমালোচনা করে বলেন, একজন বলেন অন্যজনকে মহাচোর, আর অন্যজন বলেন চোরের মা বড় বড় কথা বলে। এটা যদি হয় বাংলাদেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী কথা তাহলে এই দেশের মানুষের অবস্থান কোথায়। আমরা ইতিহাস দেখেছি একমাত্র ইসলামী আদর্শ ছাড়া কস্মিনকালেও দেশে শান্তি আসতে পারে না। ইসলামী আন্দোলনের পূর্বঘোষিত যশোর-কুয়াকাটা তিনদিনব্যাপী রোড মার্চের গতকাল রবিবার শেষদিন দুপুরে পটুয়াখালী মহাসড়কের হেলালিয়া বাঁধঘাটে আয়োজিত পথসভা পরিণত হয় বিশাল জনসভায়। পীরসাহেব চরমোনাই প্রধান অতিথির বক্তৃতাকালে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাস্তিকদের কোন ধর্ম নেই। নাস্তিকদের ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।