দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গল্প ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’-র লেখক হাসনাত আবদুল হাইকে আদালতে তলবের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে লেখককে গ্রেফতার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান গতকাল রবিবার এ রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশের উপকমিশনার (ধানমন্ডি জোন), ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এবং লেখক হাসনাত আবদুল হাইকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শীর্ষক শিরোনামে গল্প লেখার মাধ্যমে শাহবাগের গণজাগরণ মঞ্চে আসা নারীদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। দেশে দাঙ্গা বাধানোর জন্য উস্কানি দেয়া হয়েছে ওই লেখায়। শাহবাগের গণজাগরণ মঞ্চ সম্পর্কে দেশের মানুষের মধ্যে সহিংস মনোভাব ও ঘৃণা ছড়িয়ে দিতেই এ লেখা। অধ্যাপক ড. এম অহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, গত ১৪ এপ্রিল দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ প্রকাশের মাধ্যমে লেখক ফৌজদারি অপরাধ করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে এ রিট করা হয়েছে।
