দিনাজপুরের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। পরিবহন মালিক সংগঠনের নেতাদের সাথে জেলা প্রশাসনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল রবিবার থেকে সব রুটে যানবাহন চলাচলের সিদ্ধান্ত হয়। তবে বিএনপি রংপুর ও রাজশাহী বিভাগে হরতাল ডাকায় সেসব রুটে কোনো যানবাহন চলাচল শুরু করেনি।
অভ্যন্তরীণ সড়ক-মহাসড়কে অনুমোদনবিহীন ভটভটি, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধের দাবিতে পাঁচটি সংগঠনের ডাকে গত শনিবার ভোর থেকে এই তিন জেলায় শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এ দিকে ধর্মঘট অবসানের লক্ষ্যে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের সাথে সার্কিট হাউসে গত শনিবার বৈঠকে বসেন জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী এবং পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যসহ অন্যান্য কর্মকর্তা। দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিক সংগঠন এই ধর্মঘট প্রত্যাহার করে নেয়। আলোচনাকালে উপস্থিত ছিলেন পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শামিম হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ।
