এখন মানুষের আত্মহত্যা ছাড়া উপায় নেই

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, সরকার দেশের মানুষের জীবনযাত্রায় এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে, তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দেশের মানুষকে আত্মহত্যায় বাধ্য করার কোনো অধিকার সরকারের নেই। বরং সরকারেরই আত্মহত্যা করা উচিত। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। দলের যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ১৮ দলের আটক সব নেতা-কর্মীর নামে দেয়া মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ নামের সংগঠন। সরকারের উদ্দেশে মাহবুব বলেন, আপনাদের কৃতকর্মের কারণে আজ বহির্বিশ্বে বাংলাদেশের কোনো সমর্থক নেই, বন্ধু নেই। দেশ আজ এক কঠিন সময় পার করছে। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আওয়ামী লীগই আন্দোলন করেছিল। আর এখন তারা কেন তত্ত্বাবধায়কের বিরোধিতা করছে?