পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’-এর শুটিং দিয়েই যাত্রা শুরু হলো মীরাক্কেল-খ্যাত পারফর্মার জামিল হোসেনের। ছবিতে শাকিব খানের সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবিটি ছাড়াও জামিল আরও দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। জামিল জানালেন, ছবির শুটিংয়ের কাজেই এবারের মীরাক্কেলের অতিথি পারফর্মার হিসেবে বেশিদিন কাজ করা হয়নি। চলে আসতে হয়েছে। তবে চলতি মাসে চলচ্চিত্র আর টিভি নাটকের কাজেই বেশি মনোযোগ দেবেন তিনি। এ প্রসঙ্গে জামিল বলেন, ‘শোবিজে কাজ করার জন্যই আমি নিজের চাকরিও ছেড়ে দিলাম। কারণ একসাথে দুই ধরনের কাজ করা যায় না। এ কারণেই শুধু অভিনয় আর শোবিজের যাবতীয় কাজেই ব্যস্ত থাকব।’ উল্লেখ্য, জামিল বর্তমানে গান-অভিনয় আর উপস্থাপনায় একই সাথে বিভিন্ন চ্যানেলে কাজ করছেন। খুব শিগগিরই অভিনেতার পাশাপাশি সংগীতশিল্পী হিসেবে অডিও অ্যালবামে অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।
