গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ জামে মসজিদ থেকে ইমাম কোরবান আলীকে হত্যার হুমকি সংবলিত চিরকুট, কাফনের কাপড় এবং চারটি বোমাসদৃশ বিস্ফোরক জাতীয় বস্তু গত শনিবার পুলিশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই এলাকার মুসুল্লি ও মসজিদটির চারপাশ ঘিরে উপজেলা পরিষদের সরকারী অফিস এবং আবাসিক বাসভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে মসজিদে জোহরের নামাজ আদায় বন্ধ রাখা হয়। ওই মসজিদের মুয়াজ্জিন খাইরুল ইসলাম জানান, জোহরের নামাজের আযান দেয়ার জন্য তিনি মসজিদের গেট খুলে সাদা কাপড় দেখতে পান। পরে সেটি সরিয়ে রাখতে গিয়ে লালটেপ দিয়ে প্যাচানো চারটি বোমাসদৃশ বস্তু দেখে ভয় পেয়ে যান। পরে গাইবান্ধা থেকে সহকারী পুলিশ সুপার ফকরুজ্জামান ঘটনাস্থলে এসে এসব উদ্ধার করে নিয়ে যায়।
