মিয়ানমারে মুসলমান সমপ্রদায়ের উপর বৌদ্ধ ধর্মাবলম্বীদের হামলার সময় কাছেই সেদেশের পুলিশ নীরবে দাঁড়িয়ে দেখেছে, বিবিসির কাছে এমন একটি ভিডিও চিত্র এসেছে। মিয়ানমারের মেইকটিলায় গত মার্চে ঐ হামলার ঘটনায় কমপক্ষে চল্লিশজন নিহত হন। এই সংবাদটি এমন সময় প্রকাশিত হচ্ছে, যখন মিয়ানমারের উপরে থাকা নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা আলোচনা করছেন। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, মেইকটিলার একটি মুসলিম সোনার দোকানে বৌদ্ধ জনতা লুটপাট করছে। এই দোকানটিতে গহনার দাম নিয়ে তর্কের জের ধরে দাঙ্গার সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হয়। কাছেই বেশ কয়েকজন পুলিশ সদস্য নীরবে দাঁড়িয়ে এই লুটপাটের ঘটনা দেখছেন।
এ বছর ২০ মার্চ শুরু হওয়া এই সহিংসতা পরে আরো কয়েকদিন চলে। প্রথমদিনের সংঘর্ষের পরেই মেইকটিলায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু হামলার শিকার মুসলমান সমপ্রদায়কে রক্ষায় পুলিশ সদস্যরা কোন পদক্ষেপই নেয়নি। এই ভিডিওতে বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। সেখানে দেখা যায়, একজন বৌদ্ধ ভিক্ষু একটি মুসলিম বালককে পেটাচ্ছেন এবং এক ব্যক্তি ধারালো ছুরি নিয়ে হামলা করছে। বৌদ্ধপ্রধান এই অঞ্চলে ওই সহিংসতায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন এবং ঘর-বাড়ি হারিয়েছেন অসংখ্য মুসলিম বাসিন্দা। তারা এখনো সেদেশের আশ্রয় শিবিরে রয়েছেন এবং তাদের বাড়ি-ঘরে ফিরে যাওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
