বোস্টন বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক জোখার সারনায়েভের অবস্থা আশংকাজনক। তার পরিস্থিতি এতোই খারাপ যে সে কথা বলতে পারছে না। ম্যাসাচুসেটস গভর্নর ডেভাল প্যাট্রিক শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, ‘তার অবস্থা গুরুতর। তবে স্থিতিশীল। সে এখনও কথা বলতে পারছে না।’ তার সেরে উঠার আশা প্রকাশ করে প্যাট্রিক বলেন, ‘আমাদের অসংখ্য প্রশ্ন রয়েছে। সেসবের উত্তর পাওয়া জরুরি।’ তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে সিবিএস টেলিভিশনে বলা হয়েছে, সারনায়েভের শরীরে দু’টি মারাত্মক জখম রয়েছে। এছাড়া তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তদন্তকারীরা আরো বলছেন, তাদের ধারণা তার ঘাড়ের পেছনে যে আঘাত তা আত্মঘাতী হওয়ার চেষ্টার কারণেই ঘটে থাকতে পারে।তারা বলছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আত্মহত্যা করার জন্য সে নিজেই নিজের মুখগহ্বরে গুলি চালায়।
