বড়ই দুঃখ ও লজ্জার কথা। প্রায় ২০ বছর থেকে ১৯৮৩ সালে স্থাপিত নওগাঁ টাউন হল সংস্কারহীন, অবক্ষীয়মান ও সুষ্ঠু পরিচালনাবিহীন অবস্থায় পড়ে রয়েছে। নওগাঁ প্রধান সড়কের পার নওগাঁয় অবস্থিত এ দ্বিতল মিলনায়তনটি নির্মাণের পর প্রথম অবস্থায় জেলা পরিষদের আওতায় পরিচালিত হয়। ১৯৮৮ সালের দিকে এটা নওগাঁ পৌরসভার উপর পরিচালনার ভার ন্যস্ত করা হয়। প্রায় ৪/৫ বছর ভালো চললেও এটা সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে নওগাঁ পৌরসভা উদাসীনতা ও অদক্ষতার পরিচয় দেয়। তারপরেও এ প্রতিষ্ঠানটির পরিচালনা ও উন্নয়নের ব্যাপারে সরকারের উদাসীনতা লক্ষ্যণীয়। বেশ কয়েকবার এর উন্নয়নের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও সুফল পাওয়া যায়নি। এর ফলে নওগাঁ পৌর সভার পূর্ব নওগাঁ এলাকার প্রায় লক্ষাধিক নাগরিক সমাজ চিত্ত বিনোদন ও শিক্ষাদীক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এদিকে চিত্তবিনোদনের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় অত্র এলাকায় অপসংস্কৃতি ও মাদকাসক্তি ক্রমেই বেড়ে চলেছে।
আশা করি আর কালবিলম্ব না করে নওগাঁ টাউন হলের সার্বিক সংস্কারের ব্যাপারে সরকারের দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এগিয়ে আসবেন।
মো. রফিকুল ইসলাম,
স্বদেশ ভবন, পার নওগাঁ, ডাক ও জেলা-নওগাঁ
