আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের জন্য কক্সবাজারে গড়তে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান ও শহরটির সুযোগ সুবিধা দেখে দৃশ্যতই সন্তুষ্ট আইসিসির প্রতিনিধি দল।
সমুদ্র সৈকত সংলগ্ন গল্ফ মাঠে প্রায় সাড়ে ৫ একর জমির উপর নির্মিত হচ্ছে এই স্টেডিয়ামটি। এর কাজের অগ্রগতি দেখতে গতকাল সোমবার সকালে কক্সবাজার স্টেডিয়ামের পরিদর্শনে আসে ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি’র এ প্রতিনিধি দল।
পরিদর্শন শেষে দুপুরে বিসিবির কর্মকর্তারা জানান, আইসিসি দলটি ভেন্যু ছাড়াও কক্সবাজারের আবাসন ব্যবস্থা, অনুশীলন ও খাবারের প্রাসঙ্গিক সুবিধাদি ঘুরে দেখেন। দলটির সাথে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল ভেন্যু পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন। তবে মিডিয়ার সামনে কোন মন্তব্য করেনি।
আইসিসির প্রতিনিধি দল কক্সবাজারের নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামসহ পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শনের পর আইসিসির সদর দপ্তরে রিপোর্ট দেবেন। এই প্রতিনিধি দলে ছিলেন আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস্টোফার টেটিল, টুর্নামেন্ট পরিচালক ধিরাজ মালহোত্রা, ক্রিকেট অপারেশন ম্যানেজার ক্লাইভ হিচকক, ব্রডকাস্ট ডিরেক্টর পল ঘোষ, খেলোয়াড় প্রতিনিধি ইয়ান স্মিথ ও ইউহ্যাম ট্যুলস। এছাড়াও ছিলেন বিসিবির এডহক কমিটির সদস্য মাহবুব আনাম, আ জ ম নাছির উদ্দিন, ইসমাইল হায়দার মল্লিক, লোকমান হোসেন ভুঁইয়াসহ সংস্থাটির কর্মকর্তারা।
কক্সবাজার ভেন্যুতে স্বাগতিক বাংলাদেশসহ মেয়েদের আট দলের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
