উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে সিরিজটিও নিজেদের করে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিকরা ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব) অনূর্ধ্ব-১৭ দলকে মাত্র পাঁচ রানে হারায়। আগের দুই ম্যাচে একটি করে উভয় দল জয় পাওয়া কালকের ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ।
বৃষ্টির কারণে খেলা ৩৬ ওভারে গড়ায়। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ৩৩.৫ ওভারে ১৫৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ আসে মো. আসিফের ব্যাট থেকে (৪৭)। এছাড়া ইমতিয়াজ আহমেদ ২৬ এবং আদনান ইসলাম ২০ রান করেন।
৩৬ ওভারে জয়ের জন্য সফরকারী ক্যাব অনূর্ধ্ব-১৭ দলের প্রয়োজন ছিল ১৫৮ রানের। ৩৬ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর অধিনায়ক অগ্নিভ প্যান ও ইরফান আনসারী ৭৯ রানের পার্টনারশীপ গড়লে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সফরকারীদের হাতে। ঠিক সেই মুহূর্তে নাহিদ হাসানের দুর্দান্ত বোলিংয়ের মুখে ক্যাব অনূর্ধ্ব-১৭ দলের শেষ সাত উইকেট পড়েছে ৩৯ রানে। নাহিদ একাই নিয়েছেন পাঁচ উইকেট এবং ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
