অস্বচ্ছল ২২ নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়েছে মানবিক উন্নয়ন কেন্দ প্রশিকা। গতকাল সোমবার মিরপুরস্থ প্রশিকা ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নারী মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনার পর একটি করে শাড়ি ও মাসিক সম্মানী ভাতা হিসাবে এক হাজার টাকা করে তাদের হাতে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম অস্বচ্ছল নারী মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ নজর দেয়ার আহবান জানান। প্রশিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে একাত্ব ঘোষণা করে আর্থিক সহায়তা প্রদান করেন ডাচ হিউম্যান রাইটস প্ল্যাটফরম, নেদারল্যান্ড এর চেয়ারম্যান ড. মমিন আহম্মদ বাবুল।
নারী মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ‘প্রশিকা মুক্তিযোদ্ধা পদক’ চালু করেছে। এ কর্মসূচির মাধ্যমে দুই হাজারেরও অধিক নারী মুক্তিযোদ্ধা পরিবারকে আয়করমূলক কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করেছে। এদের মধ্য থেকে বর্তমানে ২২ জন নারী নিয়মিত আমরণ ভাতা পেয়ে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের চেয়ারম্যান বজলুর রহমান, প্রশিকা ফেব্রিক্সের উপদেষ্টা শাহানা আহম্মদ, বিডিডিল নতুন ধারা হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা একেএম হাবিবুল হক সরকার, সাব-সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রশিকার গভার্নিং বর্ডির সদস্য নার্গিস জাহান বানু ও প্রধান নির্বাহী কাজী খাজে আলম।
