রাঙ্গামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ নির্মাণ স্থগিত রাখার দাবি

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৪৯
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজ নির্মাণ কাজ স্থগিত রাখার দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। দাবি আদায়ে গতকাল সোমবার রাঙ্গামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে। পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি রননজয় চাকমার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নীলোত্পল খীসা। এতে বক্তব্য রাখেন পিসিপির কেন্দ ীয় সভাপতি ত্রিজিনাথ চাকমা, পিসিপির জেলা শাখার সাধারণ সম্পাদক বাচ্চু চাকমা, পিসিপির রাঙ্গামাটি কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমা। বক্তারা বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নৃতাত্বিক গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য অধিক সংখ্যক কোটা সংরক্ষণসহ পাঁচ দফা দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এদিকে রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজ স্থাপনে উপজাতীয় নেতাদের আপত্তি ‘কল্পিত জুমল্যান্ড’-এর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ। পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ কেন্দ ীয় প্রচার সম্পাদক ও রাঙ্গামাটি জেলা সভাপতি উজ্জল পাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, পৃথিবীর ইতিহাসে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপনে কোন জাতি বা গোষ্ঠীর আপত্তি একেবারেই বিরল। বরং উন্নত শিক্ষার লক্ষ্যে নিজস্ব এলাকায় শিক্ষালয় স্থাপনের জন্য জোরালো আন্দোলনের ইতিহাস রয়েছে।