পশ্চিমবঙ্গে সারদা গ্রুপের প্রতারণা, রাজ্যজুড়ে বিক্ষোভ

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫০
ভারতের পশ্চিমবঙ্গের সারদা গ্রুপের কোটি কোটি রুপি প্রতারণার প্রতিবাদে রাজ্যজুড়ে কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। অর্থ ফেরত না পেয়ে আত্মহত্যার ঘটনাও ঘটছে। বিনিয়োগকারী ও এজেন্টরা প্রতিদিনই বিভিন্ন অফিসে বিক্ষোভ করছে। এখন একে অন্যের ঘারে এর দায় চাপাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বামফ্রন্ট সরকার ও কেন্দ্রীয় সরকারের ওপর এর দায় চাপাচ্ছেন। বিরোধী বামফ্রন্ট অভিযোগ করছে, সারদা গ্রুপের প্রধান সুদীপ্ত সেনের সঙ্গে মমতার তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে তৃণমূল নেতা কুনাল ঘোষ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি কোম্পানির বেতনভুক্ত মিডিয়া বিভাগের প্রধান ছিলেন। প্রতারণামূলক আর্থিক কর্মকাণ্ডের কথা জানতেন না তিনি। সারদা গ্রুপ অল্প সময়ে অস্বাভাবিক বেশি সুবিধা দেয়ার প্রলোভন দিয়ে রাজ্যের লাখ লাখ লোকের কাছ থেকে কোটি কোটি রুপি অর্থ উত্তোলন করেছে। এরা এখন সর্বস্বান্ত হয়ে পড়েছে। সম্প্রতি কোম্পানির বহু চেক ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়। এরপর রাজ্যজুড়ে এর অফিস বন্ধ করে দেয়া হয় এবং গ্রুপের চেয়ারম্যান আত্মগোপন করেন। গ্রুপের পত্রিকা বেঙ্গল পোস্টসহ ১০টি মিডিয়া বন্ধ করে দেয়া হলে সহস্রাধিক সাংবাদিক বেকার হয়ে পড়ে। খবর এনডিটিভির। মুখ্যমন্ত্রী মমতা গতকাল সোমবার বলেন, সারদা গ্রুপের ফান্ড কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়। এ কারণে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য আইন করতে পারেননি। কেন্দ্রীয় সরকার বর্তমান আইন বাতিল করলে রাজ্য সরকার অধ্যাদেশ জারি করতে পারে। রাজ্য সরকার সারদার চেয়ারম্যানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। বাম দলগুলো বলছে, সরকার চেয়ারম্যানকে পালিয়ে যেতে সহায়তা করেছে। সারদা গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্ত করে অর্থ ফেরত দেয়ার ব্যবস্থা করার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা করা হয়েছে। অত্যধিক অর্থ দেয়ার লোভ দিয়ে তারা লাখ লাখ লোকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এখন তারা জানে না জমা দেয়া অর্থ ফেরত পাবে কিনা।