ভারতে শিশু ধর্ষণের ঘটনায় উত্তপ্ত রাজ্যসভা

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫২
ভারতে শিশুসহ একের পর এক ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উচ্চকক্ষ রাজ্যসভা। গতকাল সোমবার রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পরই সদস্যরা ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যসভার অধিবেশন স্থল থেকে কিছু দূরেই ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ করা হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। রাজ্যসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভায় দেয়া বিবৃতিতে বলেন, কেবল নয়াদিল্লি নয়, পুরো ভারতজুড়েই ধর্ষণের ঘটনা ঘটছে। তিনি জানিয়েছেন, পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। রাজ্যসভায় বহুজন সমাজবাদী দলের প্রধান মায়াবতী বলেন, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন করা হলেও এটি থামছে না। এই নিষ্ঠুর কাজটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এক পর্যায়ে পার্লামেন্ট অধিবেশন গতকাল মুলতবি করা হয়। কয়েকদিনে চার ও পাঁচ বছরের শিশুসহ চারজন ধর্ষণের শিকার হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন আছে। দিল্লির পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে গতকালও বিক্ষোভ করেছে নারীরা। তবে গতকাল কমিশনার নীরাজ কুমার বলেছেন, তিনি পদত্যাগ করলে সমস্যার সমাধান হবে না। সমাধান হলে তিনি একশ বার পদত্যাগ করতেন। বিক্ষোভের ফলে পার্লামেন্ট সংলগ্ন রেডক্রস রোড, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, ইন্ডিয়া গেট এবং রাইসিনার রাস্তা বন্ধ করে দেয়া হয়। তিনটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা।