যশোরে কৃমিনাশক ওষুধ খেয়ে অর্ধশতাধিক অসুস্থ

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫৪
জেলার বাঘারপাড়া উপজেলার সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী গতকাল সোমবার কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ৫৪ জনকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের সরবরাহ করা ট্যাবলেট খাওয়ার পর পরই এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক। এদিকে গতকাল উপজেলার আরো কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলে খবর পাওয়া গেছে। সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর সপ্তাহব্যাপি কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে গতকাল দুপুরে সিলুমপুর বিদ্যালয়ে শিক্ষার্থীদের ট্যাবলেট খাওয়ানো হলে প্রথমে ৪র্থ শ্রেণীর ছাত্র সোহেল অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে ৫ম শ্রেণীর শিক্ষার্থী হুসাইন, জেরিন, ৪র্থ শ্রেণীর আসমিনা, হোসেন, ময়না, ৩য় শ্রেণীর সোহেল, ২য় শ্রেণীর হাসান, শাকিল, মুসলিমা, তানিয়া, রসুল, ১ম শ্রেণীর রত্না, মাহফুজ, হাসান, হাসিব, আরিফা, মিম, তানজিলা, বায়েজিদ, শাকিব ও রানাসহ আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এছাড়া উপজেলার ইন্দ া, রামকৃষ্ণপুর, রায়পুর ও আজমেহেরপুসহ আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। সিলুমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন জানান, এদিন তার স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এরমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। ইন্দ া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা ইয়াসমিন জানান, স্বাস্থ্যকর্মী প্রদ্যুত্ সকালে ট্যবলেটগুলো তার কাছে রেখে কোন প্রকার নির্দেশনা না দিয়েইে চলে যান। ওই ট্যাবলেট সেবনে তার স্কুলের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয় বলে তিনি জানান। ঘটনা জানার পর বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও ওসি রামপ্রসাদ ভক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং উদ্বিগ্ন অভিভাবকদের সান্ত্বনা দেন। ওসি রামপ্রসাদ ভক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিলুমপুর স্কুল থেকে অসুস্থ শিশুদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। তাদের চিকিত্সা সেবা প্রদান করা হয়েছে। তবে এটা সামান্য স্বাস্থ্যগত সমস্যা, মারাত্মক কিছু নয় বলে চিকিত্সকরা তাদের জানিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক এএসএম আব্দুর রহমান শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর শুনে কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি তাত্ক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে আব্দুর রহমান বলেন, কৃমিনাশক ট্যাবলেট খেলে সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে খালি পেটে খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। এ কারণে বমি বমি ভাব কিংবা মাথায় সামান্য ব্যথা হতে পারে। এতে ভয়ের কিছু নেই।